করোনায় আক্রান্ত বগুড়ার চিকিৎসকের মৃত্যু




করোনাভাইরাসে সংক্রমিত হয়ে বগুড়ার আরও একজন চিকিৎসকের মৃত্যু হয়েছে। তাঁর নাম এ কে এম মাসুদুর রহমান (৬০)। রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় রোববার সন্ধ্যা ছয়টায় তিনি মারা যান। বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের মুখপাত্র ও সহকারী নির্বাহী কর্মকর্তা আবদুর রহিম এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) বগুড়া জেলা শাখা সূত্রে জানা গেছে, এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে বগুড়ায় ছয়জন চিকিৎসক এবং উপসর্গ নিয়ে একজন চিকিৎসকের মৃত্যু হলো।

অধ্যাপক মাসুদুর রহমান বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ছিলেন। এই হাসপাতালে যোগদানের আগে তিনি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে কর্মরত ছিলেন। চিকিৎসক এ কে এম মাসুদুর রহমানের বাড়ি বগুড়ার সোনাতলা উপজেলায়।

টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী নির্বাহী কর্মকর্তা আবদুর রহিম বলেন, করোনার উপসর্গ দেখা দিলে মাসুদুর রহমান শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষার জন্য দেন। ৪ অক্টোবর পাওয়া প্রতিবেদনে তাঁর করোনা শনাক্ত হয়। কয়েক দিন বাসাতে আইসোলেশনে থাকার পর ১১ অক্টোবর তিনি টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি ঘটলে ১২ অক্টোবর তাঁকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে আইসিইউতে তাঁর চিকিৎসা চলছিল। এরপর দ্বিতীয় ও তৃতীয় দফায় নমুনা পরীক্ষায় ১৬ ও ২০ অক্টোবর তিনি কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হন। সর্বশেষ শনিবার চতুর্থ দফায় নমুনা পরীক্ষায় তিনি কোভিড নেগেটিভ শনাক্ত হন। এক দিনের মাথায় রোববার সন্ধ্যায় তিনি মারা যান।

Post a Comment

Previous Post Next Post